Friday 16 October 2026


ধর্ম-কর্ম

পূর্ণিমার শুভক্ষণে খুঁটি পুজো, ‘কল্পলোক’ থিমে চমক আনছে শান্তি কুঠির ও ব্যায়ামাগার।

2026-08-28

উত্তরের হাওয়া, ২৮ আগস্ট: দুর্গাপুজোর আর হাতে গোনা কয়েকটি দিন বাকি। সেই আবহেই রাখি পূর্ণিমার শুভক্ষণে কোচবিহারের ঐতিহ্যবাহী শান্তি কুঠির ও ব্যায়ামাগার ক্লাবের উদ্যোগে সম্পন্ন হল এবারের দুর্গাপুজোর খুঁটি পুজো। খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল তাদের পুজোর প্রস্তুতি।

ক্লাব সূত্রে জানা গিয়েছে, এবারের পুজোর থিম ‘কল্পলোক’। প্রায় ৮ থেকে ৯ লক্ষ টাকা ব্যয়ে বিশেষ থিমের মাধ্যমে দর্শনার্থীদের সামনে এক অভিনব পরিবেশ ও ভাবনা তুলে ধরার পরিকল্পনা নিয়েছেন উদ্যোক্তারা। খুঁটি পুজো উপলক্ষে এদিন ক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মালতি রাভা রায়, কোচবিহার কোতোয়ালি থানার আইসি-সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও ক্লাব সদস্যরা। পুজোর সফল আয়োজনের জন্য প্রার্থনা করে পূজা-অর্চনা সম্পন্ন হয়। উদ্যোক্তাদের দাবি, প্রতি বছরের মতো এবারও দর্শনার্থীদের জন্য নতুনত্ব ও আকর্ষণের সমন্বয়ে স্মরণীয় পুজো উপহার দেওয়ার চেষ্টা করা হবে।

খুঁটি পুজোর মধ্য দিয়েই এখন শুরু হয়ে গেল মণ্ডপ নির্মাণ ও থিম বাস্তবায়নের জোরকদম প্রস্তুতি।

রেকর্ড ভিড়ের আশঙ্কা, গঙ্গাসাগর মেলা ঘিরে চূড়ান্ত প্রস্তুতিতে রাজ্য প্রশাসন।

2025-12-23

উত্তরের হাওয়া, ২৩ ডিসেম্বরঃ প্রশাসনের লক্ষ্য একটাই—‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’। গঙ্গাসাগর মেলা শুরু হতে আর হাতে গোনা কয়েক দিন। আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের গঙ্গাসাগর মেলা। চলতি বছরে কুম্ভ মেলা না থাকায় সাগরতটে রেকর্ডসংখ্যক পুণ্যার্থীর সমাগম হতে পারে বলে মনে করছে প্রশাসন। সেই ভিড় সামাল দিতে ও তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোনও রকম খামতি রাখতে চাইছে না রাজ্য সরকার।
মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার সাগরদ্বীপ পরিদর্শনে যান রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। তাঁর সঙ্গে ছিলেন বিডিও কানাইয়া কুমার রাও-সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। কচুবেড়িয়া ও গঙ্গাসাগর পয়েন্টে গিয়ে মন্ত্রী প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করেন। বিশেষভাবে নজর দেওয়া হয় মুড়িগঙ্গা নদীর ড্রেজিং এবং অস্থায়ী জেটি নির্মাণের কাজে।
পরিদর্শন শেষে সেচমন্ত্রী জানান, প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিংয়ের কাজ চলছে। এর ফলে জোয়ার-ভাটার উপর নির্ভরতা কমবে এবং দীর্ঘ সময় ভেসেল পরিষেবা চালু রাখা সম্ভব হবে। পাশাপাশি ড্রোন নজরদারি, সিসিটিভি বসানো ও পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করা হচ্ছে।
জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিপুল সংখ্যক পুণ্যার্থীর জন্য অতিরিক্ত যাত্রীনিবাস ও বাফার জোন তৈরি করা হচ্ছে। নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও যাতায়াত—সব দিক মাথায় রেখেই প্রস্তুতি চলছে। প্রশাসনের লক্ষ্য একটাই—‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’।




Follow us on                  

About Us
uttorerhawa, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Dinhata, Cooch Behar
Call : 7076088024
WhatsApp : 7076088024
Email : uttorerhawa1985@gmail.com
Important Link
  • Disclaimer
  • Privacy Policy

  • Total Visitor : 2757694