Friday 16 October 2026


স্বাস্থ্য

MJN মেডিকেল কলেজে রোগী কল্যাণ সমিতির বৈঠক, নিউরো-নেফ্রো ও ক্যাথ ল্যাব চালুর উদ্যোগ।

2026-09-29

উত্তরের হাওয়া, ২৯ সেপ্টেম্বর: কোচবিহারের MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী কল্যাণ সমিতির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল। রোগীদের চিকিৎসা পরিষেবা আরও উন্নত ও সহজলভ্য করার পাশাপাশি হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

কিছুদিন আগে কোচবিহারে এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিউরোলজি বিভাগ, নেফ্রোলজি বিভাগ এবং ক্যাথ ল্যাবরেটরি তৈরির বিষয়ে উদ্যোগের কথা জানিয়েছিলেন। সেই বিষয়গুলিকে সামনে রেখেই এদিন এম জে এন মেডিকেল কলেজে রোগী কল্যাণ সমিতির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে হাসপাতালকে আরও আধুনিক করে তোলা, নিউরোলজি ও নেফ্রোলজি বিভাগ চালু করা এবং ক্যাথ ল্যাবরেটরি তৈরির পাশাপাশি রোগীদের চিকিৎসা পরিষেবার মান আরও উন্নত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

জানা গিয়েছে, নিউরোলজি, নেফ্রোলজি এবং ক্যাথ ল্যাব চালুর জন্য স্বাস্থ্য দপ্তরের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। পাশাপাশি DIPHL পরিষেবা দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

রোগীদের সুবিধার কথা মাথায় রেখে হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন, পরিষেবা সম্প্রসারণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক, এমএসভিপি, বিশিষ্ট সমাজসেবী বিরাজ বোস-সহ অন্যান্যরা। কোচবিহারের মানুষের জন্য উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।

গরিবের দোরগোড়ায় চিকিৎসা পরিষেবা, গোসানীমারীতে সিতাই বিধানসভা স্বাস্থ্যমেলা ও রক্তদান শিবির।

2026-01-04

উত্তরের হাওয়া, ৪ জানুয়ারি: গোসানীমারী পুরাতন হাসপাতাল মাঠে রবিবার অনুষ্ঠিত হল ২য় বর্ষের সিতাই বিধানসভা ভিত্তিক স্বাস্থ্যমেলা ও রক্তদান শিবির। এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া। সিতাই বিধায়ক সংগীতা রায়ের উদ্যোগে এবং স্বাস্থ্য মেলা কমিটির আয়োজনে এই স্বাস্থ্যমেলা অনুষ্ঠিত হয়।

এদিনের মেলায় বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। চক্ষু, দন্ত, নারী স্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য-সহ একাধিক বিভাগের পরিষেবা এক ছাতার তলায় পাওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। সকাল থেকেই মেলা প্রাঙ্গণে মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে স্বেচ্ছায় বহু মানুষ রক্তদান করেন। পাশাপাশি বিধায়কের উদ্যোগে গরিব ও দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এই প্রসঙ্গে বিধায়ক সংগীতা রায় বলেন, গ্রামাঞ্চলের বহু মানুষের পক্ষে শহরে গিয়ে চিকিৎসা করানো কঠিন। সেই কারণেই মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী দিনে আরও বড় পরিসরে এই স্বাস্থ্যমেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এই স্বাস্থ্যমেলা ও রক্তদান শিবিরকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। আয়োজকদের আশা, আগামী বছর এই উদ্যোগ আরও বৃহৎ আকারে অনুষ্ঠিত হবে।

পুজোর বাজার ফেলে দিনহাটায় ওষুধের দোকানে ভিড়, ডেঙ্গিতে আতঙ্ক বামনহাটের বাতাসুরকুঠি গ্রামবাসীর।

2025-09-15

উত্তরের হাওয়া, ১৫ সেপ্টেম্বর: পুজোর মুখে দিনহাটার বাতাসুরকুটি গ্রাম যেন উৎসবের রঙ হারিয়েছে। নতুন জামা-কাপড় কেনার ভিড়ের বদলে স্থানীয়দের চোখে পড়ছে ওষুধের দোকান আর স্বাস্থ্যকেন্দ্রে লম্বা লাইন। মাত্র দু’দিনে দিনহাটা মহকুমায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১২ জন। এর মধ্যে ১০ জনই দিনহাটা-২ ব্লকের, আর ২ জন দিনহাটা-১ ব্লকের বাসিন্দা। আক্রান্তদের বেশিরভাগেরই ভ্রমণ ইতিহাস নেই—অর্থাৎ রোগ ছড়াচ্ছে স্থানীয় স্তরেই। “ছেলের শরীর হঠাৎ জ্বরে কাবু হয়ে গেল। হাসপাতালে নিয়ে গেলে জানাল ডেঙ্গি,” বললেন বাতাসুরকুটির এক অভিভাবক। কারও কপালে স্যালাইন, কেউ আবার হাসপাতালের শয্যায় দিন গুনছেন। ফলে গ্রামজুড়ে এখন উৎসবের আলোচনার বদলে ছড়িয়ে পড়েছে আতঙ্কের ছায়া। বামনহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শয্যা ভরছে একের পর এক রোগীতে। ভারপ্রাপ্ত বিএমওএইচ শান্তনীল দত্ত জানান, আক্রান্তদের জন্য বিশেষ স্বাস্থ্য শিবির চালু হয়েছে। স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করছেন। তবে স্থানীয়দের মতে, গ্রামে সচেতনতার অভাবই সমস্যাকে আরও বাড়িয়ে তুলছে। “জ্বর হলেও অনেকে ডাক্তার দেখাতে চান না। ফলে অবস্থা খারাপ হচ্ছে,” আক্ষেপ করলেন বাসিন্দা শংকর রায়। এখন চায়ের দোকানের আড্ডায় নেই পুজোর আলোচনার রেশ, নেই নতুন জামা কেনার উচ্ছ্বাস। সবাই বলছে—“এই বছর পুজো নয়, আগে ডেঙ্গি কাটুক।”

অবৈধ পানীয় জলের কারখানায় হানা দিয়ে কারখানা বন্ধ করে দিল মহকুমা প্রশাসন

2024-07-26

উত্তরের হাওয়া, ২৬জুলাই: অবৈধ পানীয় জলের কারখানায় হানা দিয়ে কারখানা বন্ধ করে দিল মহকুমা প্রশাসন। শুক্রবার দিনহাটার মহকুমা শাসক সহ প্রশাসনের আধিকারিক গোসানিমারি এলাকায় একটি অবৈধ পানীয় জলের কারখানায় হানা দেয়। ওই কারখানায় হানা দিয়ে সে কারখানা বন্ধ করে দেওয়ার পাশাপাশি জল সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবটারিতে পাঠায় প্রশাসন বলে জানা যায়। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন দিনহাটার মহকুমা শাসক বিধু শেখর, ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজয় গিরি, ফুড সেফটি আধিকারিক রাহুল কাজী সহ অন্যান্য আধিকারিকরা ওই এলাকায় অভিযানে যায় বলে জানা যায়। ওই কারখানায় অভিযানে গিয়ে সেখানে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান তারা কিন্তু কারখানা কর্তৃপক্ষ কোন প্রয়োজনীয় কাগজ অর্থাৎ বৈধ কোনো কাগজে দেখাতে না পারায় ওই কারখানাটি বন্ধ করে দেন তারা। সংশ্লিষ্ট ওই এলাকার পাশাপাশি দিনহাটা ২ ব্লকের সাহেবগঞ্জ এলাকায় একটি পানীয় জলের কারখানায় জল সংগ্রহ করে তা ল্যাবরেটরিতে পাঠিয়ে প্রশাসন বলে জানা গেছে। অভিযান প্রসঙ্গে দিনহাটার মহকুমা শাসক বিধু শেখর জানিয়েছেন, গোসানিমারি এলাকায় একটি পানীয় জলের কারখানা সিল করে দেওয়া হয়েছে। মহকুমার অপর দুটি কারখানার পানীয় জল সংগ্রহ করে ল্যাবটরীতে পাঠানো হয়েছে। মহকুমা জুড়ে পানীয় জলের কারখানা গুলি যেগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে নিয়ম মেনে চলছে কিনা ধারাবাহিকভাবে খতিয়ে দেখা হবে বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য কিছুদিন আগেই দিনহাটা শহরে একাধিক বিরিয়ানি দোকানে হানা দিয়েছিল পৌরসভা এবং ফুড সেফটি আধিকারিক সহ অন্যান্যরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পানীয় জলের কারখানায় হানা মহকুমা প্রশাসনের। প্রশাসনের এ ধরনের তৎপরতা দেখে অনেকটাই খুশি দিনহাটা বাসি। দিনহাটার বাসিন্দাদের মধ্যে অনেকেই জানান এ ধরনের অভিযান পানীয় জলের অবৈধ কারখানাগুলোর পাশাপাশি বিভিন্ন খাবারের দোকানে যদি চালানো হয় তাহলে হয়তো আগামী দিনে বড়সড় কোন বিপদ এড়ানো যেতে পারে।




Follow us on                  

About Us
uttorerhawa, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Dinhata, Cooch Behar
Call : 7076088024
WhatsApp : 7076088024
Email : uttorerhawa1985@gmail.com
Important Link
  • Disclaimer
  • Privacy Policy

  • Total Visitor : 2757699